Logo

অর্থনীতি

ফের বেড়েছে স্বর্ণের দাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪০

ফের বেড়েছে স্বর্ণের দাম

ফাইল ছবি

আবারও বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। দুর্বল মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা জোরদার হওয়ায় স্বর্ণের দাম দুই শতাংশের বেশি বেড়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ২.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫,০২২.০৬ ডলার। সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১.২ শতাংশ। এর আগের দিন প্রায় ৩ শতাংশ পতন হয়েছিল, যা ছিল প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্সও প্রায় ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫,০৪৬.৩০ ডলারে নিষ্পত্তি হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, জানুয়ারির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রত্যাশার তুলনায় কম আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর যে উদ্বেগ তৈরি হয়েছিল, নরম সিপিআই তা প্রশমিত করেছে। ফলে স্বর্ণ ও রুপার দামে ‘রিলিফ র‍্যালি’ দেখা যাচ্ছে।

মার্কিন শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ০.২ শতাংশ, যেখানে অর্থনীতিবিদরা ০.৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। ডিসেম্বরেও ০.৩ শতাংশ বৃদ্ধি হয়েছিল।

তথ্যসংগ্রাহক সংস্থা এলএসইজি জানিয়েছে, বাজারে চলতি বছরে মোট ৬৩ বেসিস পয়েন্ট সুদহার কমার প্রত্যাশা করা হচ্ছে, যার প্রথমটি জুলাইয়ে হতে পারে। সাধারণত সুদহার কম থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুপার দামও ৩.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৭.৭০ ডলারে পৌঁছেছে। যদিও আগের সেশনে ১১ শতাংশ পতন হয়েছিল। সাপ্তাহিক ভিত্তিতে রুপার দাম সামান্য ০.৩ শতাংশ কমার পথে রয়েছে।

এদিকে, প্লাটিনামের দাম ৩.৮ শতাংশ বেড়ে ২,০৭৫.৯৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩.৬ শতাংশ বেড়ে ১,৬৭৪.৫০ ডলারে দাঁড়িয়েছে। তবে এই দুই ধাতুই সাপ্তাহিক ভিত্তিতে লোকসানের দিকে রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বর্ণের দাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর