রমজানে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪১
পবিত্র রমজান মাস উপলক্ষে ক্লিয়ারিং হাউসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিষ্টাব্দ) সালের রমজান মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাচ (বিএসিপিএস ও বিইএফটিএন) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রম পরিচালিত হবে।
নতুন সূচি অনুযায়ী, বিএসিপিএসের মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে চেক পাঠাতে হবে এবং তা দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি করা হবে। রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে, যা দুপুর ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।
তবে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। আরটিজিএসের মাধ্যমে সাধারণ গ্রাহক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত করা যাবে। বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও একই সময় প্রযোজ্য থাকবে।
অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এছাড়া আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত করা যাবে, তবে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে সময়সীমা বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রমজান মাস শেষে ব্যাংকিং লেনদেনের সময়সূচি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এসএসকে/

