Logo

অর্থনীতি

রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮

রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সারাদেশে সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আগে এ সময়সূচি ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে প্রজ্ঞাপনে ঈদে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারাদেশে সিএনজি স্টেশনসমূহ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ ৩ ঘণ্টা বন্ধ ছিল। এখন তা বাড়িয়ে মোট ছয় ঘণ্টা করা হলো।

অন্যদিকে, ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ঈদের পর ২৬ মার্চ থেকে আবারও আগের নিয়মে ফিরে যাবে সময়সূচি। তখন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রমজান ঢাকার খবর গ্যাস সরবরাহ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর