Logo

অর্থনীতি

সাত মাসে বিদেশি ঋণ যত এসেছে, এর চেয়ে বেশি গেছে পরিশোধে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৪

সাত মাসে বিদেশি ঋণ যত এসেছে, এর চেয়ে বেশি গেছে পরিশোধে

দেশের বৈদেশিক ঋণের প্রবাহে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে/ প্রতীকী ছবি

দেশের বৈদেশিক ঋণের প্রবাহে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই–জানুয়ারি) উন্নয়ন সহযোগীরা যে পরিমাণ অর্থ বাংলাদেশকে ছাড় করেছে, তার চেয়ে বেশি অর্থ সুদ ও আসল পরিশোধে খরচ হয়েছে। প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া ঋণের অর্থের চেয়ে কিস্তি বাবদ পরিশোধের পরিমাণ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই–জানুয়ারি সময়ে উন্নয়ন সহযোগীরা ২ দশমিক ৬৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে। বিপরীতে একই সময়ে আগের নেওয়া বিভিন্ন ঋণের আসল ও সুদ মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছে ২ দশমিক ৬৭৬ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রাপ্ত অর্থের তুলনায় পরিশোধের পরিমাণ প্রায় ৩৫ মিলিয়ন ডলার বেশি।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বৈদেশিক ঋণ ছাড় কমেছে ৩২ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের এ সময়ে ছাড় হয়েছিল ৩ দশমিক ৯৩৮ বিলিয়ন ডলার। তবে ঋণ পরিশোধ বেড়েছে ১০ শতাংশ। গত বছরের প্রথম সাত মাসে বাংলাদেশ পরিশোধ করেছিল ২ দশমিক ৪১৮ বিলিয়ন ডলার।

কমেছে প্রতিশ্রুতির পরিমাণ

প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন ঋণের প্রতিশ্রুতি বা চুক্তি সই কমেছে। জুলাই–জানুয়ারি সময়ে ২ দশমিক ২৭৪ বিলিয়ন ডলারের নতুন প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা গত বছরের একই সময়ে ছিল ২ দশমিক ৩৫০ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রতিশ্রুতি কমেছে ৩ দশমিক ২৬ শতাংশ।

গত অর্থবছরে ছাত্র–জনতার অভ্যুত্থান, সরকার পতন এবং প্রশাসনে অস্থিরতার কারণে উন্নয়ন সহযোগীদের আস্থার সংকট তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় এই প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রতিশ্রুতি বেশি এডিবির, অর্থ ছাড়ে এগিয়ে রাশিয়া

গত সাত মাসে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ সময়ে সংস্থাটি ১ দশমিক ২৬৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। এর পর রয়েছে বিশ্বব্যাংক, যারা দিয়েছে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

এই সময়ে এআইআইবি, জাপান, ভারত, চীন ও রাশিয়া নতুন করে ঋণের প্রতিশ্রুতি দেয়নি। তবে অর্থ ছাড়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া। গত সাত মাসে রাশিয়া ৫৭৬ মিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে। এছাড়া এডিবি ৫৩৬ মিলিয়ন, বিশ্বব্যাংক ৫৫৫ মিলিয়ন, চীন ২২০ মিলিয়ন এবং জাপান ১৮৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় করেছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর