Logo

অর্থনীতি

নতুন সরকারের প্রথম একনেক সভা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৬:০৬

নতুন সরকারের প্রথম একনেক সভা

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভার সভাপতিত্ব করেন।

সভায় মোট প্রায় ১২ হাজার কোটি টাকার ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ৯টি প্রকল্প সম্পূর্ণ নতুন এবং বাকি ৯টি সংশোধিত বা সময় বৃদ্ধি প্রাপ্ত প্রকল্প। উচ্চপদস্থ প্রশাসন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন।

এতে প্রধান গুরুত্ব পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, ঢাকার জরুরি পানি সরবরাহ প্রকল্প এবং সচিবালয়ে নতুন ভবন নির্মাণ। এছাড়া সাভার সেনানিবাসে আধুনিক ব্যারাক, দেশের ৮টি বিভাগে উন্নতমানের ডায়াগনস্টিক সেন্টার, এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ নির্মাণ প্রকল্পও সভায় অনুমোদনের জন্য তোলা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সূত্রে জানা গেছে, নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জনস্বাস্থ্য, নগরায়ণ ও প্রান্তিক মানুষের কাছে প্রকল্পের সুফল পৌঁছে দেওয়াকে। এখন থেকে নতুন প্রকল্পের চেয়ে চলমান প্রকল্প দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রী সভায় নির্দেশ দিয়েছেন, প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায় এবং কোনো ধরনের অর্থের অপচয় না হয়। সরকারি তদারকি ব্যবস্থা কঠোর করার মাধ্যমে প্রকল্পের গুণগত মান ও সময়সীমা নিশ্চিত করা হবে। ব্যর্থ প্রকল্পের ক্ষেত্রে অর্থায়ন বন্ধের সম্ভাবনা রয়েছে।

সভাটি নতুন সরকারের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখানো হচ্ছে। অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন