Logo

অর্থনীতি

সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২১:০৯

সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) স্থবিরতা কাটাতে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে বিশালাকার ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। ১২ দিনের দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে মে মাসের প্রথম সপ্তাহে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে আড়াই মাস ধরে বন্ধ থাকা শোধনাগারটিতে আবারও পুরোদমে উৎপাদন শুরু হবে।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জাহাজটি মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৬টা) ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করেছে। তিনি বলেন, এই জাহাজটিকে তুলনামূলক ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালি হয়ে আসতে হচ্ছে না। ফলে ১২ দিন পর এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারবে। আগামী ৪ অথবা ৫ মের মধ্যে আমরা আবারও পুরোদমে জ্বালানি উৎপাদনে যেতে পারব।

ক্রুড অয়েলের মজুত ফুরিয়ে যাওয়ায় গত ১২ ফেব্রুয়ারি রাত থেকে ইস্টার্ন রিফাইনারির প্রধান উৎপাদন ইউনিট (ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট) বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে অপরিশোধিত তেল আমদানিতে বিঘ্ন ঘটায় এই সংকট তৈরি হয়। এর আগে এক লাখ টন তেলবোঝাই নর্ডিক পোলক্স জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের ছাড়পত্রের অপেক্ষায় সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছিল। এ ছাড়া মালয়েশিয়া থেকেও তেল আমদানির বিকল্প উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি।

বর্তমানে বাংলাদেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭২ লাখ টন। এর মধ্যে ৯২ শতাংশই আমদানি করতে হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)। আমদানিকৃত তেলের মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে ইআরএল। বাকি তেল সরাসরি পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই মূলত এই বিশাল পরিমাণ অপরিশোধিত তেল আসে।

ইস্টার্ন রিফাইনারিতে অপরিশোধিত তেল পরিশোধন করলে জ্বালানির খরচ তুলনামূলক অনেক কম পড়ে। এটি পরিশোধনের মাধ্যমে এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ প্রায় ১৬ ধরনের জ্বালানি পণ্য ও উপজাত পাওয়া যায়। দীর্ঘ সময় শোধনাগারটি বন্ধ থাকায় একদিকে যেমন পরিশোধিত তেল আমদানির চাপ বাড়ছিল, অন্যদিকে মূল্যবান উপজাত পণ্যগুলো পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছিল দেশ। নতুন এই চালানের আগমনে সেই সংকট কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন