মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ কুইচি। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এটি বহির্নোঙরে এসে পৌঁছায় জাহাজটি। আজ দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বালানি সংকটের এই চ্যালেঞ্জিং সময়ে আমদানিকৃত পরিশোধিত অকটেনের এটি তৃতীয় বড় চালান। এর আগে, গত ৮ এপ্রিল ২৬ হাজার টন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি নেভি সিয়েলো’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
বিপিসি সূত্র জানায়, দেশে বেসরকারি পর্যায়ে অকটেন পরিশোধনের পাশাপাশি সরকারি এই আমদানিকৃত চালানগুলো যুক্ত হওয়ায় বর্তমানে জ্বালানি তেলের মজুতে শক্তিশালী অবস্থানে রয়েছে দেশ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, এই নিয়মিত আমদানির ফলে অভ্যন্তরীণ বাজারে তার প্রভাব পড়ার ঝুঁকি আপাতত হ্রাস পেয়েছে।
বাংলাদেশের খবর/এইচআর

