আইসিএমএবি প্রতিনিধিদলের অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৯:৫৩
ছবি: সংগৃহীত
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একটি প্রতিনিধিদল সোমবার (১৮ মে) ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. কাউসার আলম।
সাক্ষাৎকালে আইসিএমএবি’র চলমান কার্যক্রম, পেশাগত উন্নয়ন উদ্যোগ এবং দেশের শিল্পায়ন, ব্যয় ব্যবস্থাপনা ও আর্থিক সুশাসন শক্তিশালীকরণে প্রতিষ্ঠানের অব্যাহত অবদান সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। আলোচনায় শিল্প প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিএমএ)-দের কৌশলগত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রতিনিধিদল সিএমএ পেশার বিকাশ ও প্রসারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে এবং শিল্প ও বাণিজ্য খাতে স্বচ্ছতা, আর্থিক বিবরণীর প্রত্যয়ন, ব্যয় নিয়ন্ত্রণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে পেশাদার সিএমএদের সম্পৃক্ততা আরও সম্প্রসারণে অর্থ মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা কামনা করে।
অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং পেশাটির আরও বিকাশ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন পাটোয়ারী, এস. এম. জহির উদ্দিন হায়দার; সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান; সাবেক প্রেসিডেন্ট আরিফ খান ও মাহতাব উদ্দিন আহমেদ এবং আইসিএমএবি’র নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম।
বাংলাদেশের খবর/আরইউ

