Logo

অর্থনীতি

অর্থসচিবের স্বাক্ষরিত নতুন ৫ টাকার নোট বাজারে

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৯:৩৫

অর্থসচিবের স্বাক্ষরিত নতুন ৫ টাকার নোট বাজারে

সংগৃহীত

অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যযুক্ত ৫ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হয়। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য আঞ্চলিক অফিস থেকেও এ নোট বিতরণ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এ নোটের দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগের বাঁ পাশে রয়েছে তারা মসজিদ ও ঢাকার ছবি, আর মাঝখানে পটভূমিতে শাপলা ফুলের (জাতীয় ফুল) প্রস্ফুটিত নকশা সংযোজন করা হয়েছে। পেছনের অংশে ‘গ্রাফিতি-২০২৪’ এর চিত্র ছাপা হয়েছে।

নোটটিতে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখের নিচে ‘৫’ সংখ্যার ইলেকট্রোটাইপ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম যুক্ত করা হয়েছে। নকশায় হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে।

এছাড়া নোটের বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা কাগজের ভেতরে সংযুক্ত করা হয়েছে, যা আলোয় ধরলে উভয় দিক থেকেই দৃশ্যমান হয়। সামনের অংশের গিলোশ প্যাটার্নের ওপর মাইক্রোপ্রিন্টে অনুভূমিকভাবে “বাংলাদেশ” শব্দটি একাধিকবার মুদ্রিত রয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরিত নতুন নকশার ১০০০, ৫০০ ও ১০ টাকার নোটও বাজারে ছাড়ে। সোমবার মতিঝিল কার্যালয় থেকে এসব নোট প্রচলন শুরু হয় এবং পর্যায়ক্রমে অন্যান্য অফিস থেকেও তা পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, পরবর্তী সময়ে ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরে ছাপানো হবে।

উল্লেখ্য, চব্বিশের আন্দোলনের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে টাকার নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয় এবং “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” ভিত্তিক নতুন নকশার নোট চালু করা হয়। নতুন সিরিজে ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোট ইতোমধ্যে বাজারে এসেছে।

তবে ১ ও ২ টাকার নতুন নকশার নোট এখনো প্রচলন করা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন