Logo

অর্থনীতি

রেকর্ড গতিতে বাড়ছে প্রবাসী আয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ২০:৩০

রেকর্ড গতিতে বাড়ছে প্রবাসী আয়

# এক বছরে বেড়েছে ৩৯ শতাংশের বেশি

# মে মাসের ১৯ দিনে আয় ২৪৮ কোটি ডলার

# আরও ৭ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

রেকর্ড গতিতে বাড়ছে প্রবাসী আয়। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২৪৮ কোটি ডলারের বেশি। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের ১৯ তারিখ একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর ১ মে থেকে ১৯ মে পর্যন্ত ১৯ দিনে মোট প্রবাসী আয় এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার। গত বছর অর্থাৎ ২০২৫ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এই মে মাসে এখন পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৮ দশমিক ৫ শতাংশ৷ রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে পুরো অর্থবছর জুড়েও। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৬৩৩ কোটি ডলার।

রেমিটান্সের এই জোয়ারের মধ্যেও নিলামের মাধ্যমে আরও ৭০ মিলিয়ন বা ৭ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। আর চলতি মে মাসে মোট ৪৬ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬১৩ কোটি ৮৫ লাখ বা ৬.১৩ বিলিয়ন ডলার। 

বাংলাদেশের খবর/কেএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন