Logo

অর্থনীতি

দেশে স্বর্ণের দামে বড় পতন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৬:২৩

দেশে স্বর্ণের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার প্রভাবে আবারও পতন হয়েছে দেশের স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে চার হাজার ৪৩২ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ আট হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১০ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ছয় হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৭ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ৩৬ দফা।

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে রুপার দামও। এবার ভরিতে ৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে চার হাজার ৮৪১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৪ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২২ দফা।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন