ছবি: সংগৃহীত
দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৩ জুন ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ছয় হাজার ৫৯০ টাকা। এতে দুই দফা ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হলো ১২ হাজার ৭২ টাকা।
এর আগে ২ জুন ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় তিন হাজার ২৬৬ টাকা। তারপর ৬ জুন কমানো হয় পাঁচ হাজার ৪৮১ টাকা, ১০ জুন কমানো হয় ছয় হাজার ৫৯১ টাকা এবং ১১ জানুয়ারি কমানো হয় চার হাজার ৪৩২ টাকা। ফলে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১৯ হাজার ৭৭১ টাকা।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে দুই লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় চার হাজার ৪৯১ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় তিন হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।
এর আগে গত ১৩ জুন সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ছয় হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ছয় হাজার ২৯৮ টাকা বাড়িয়ে দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় পাঁচ হাজার ৩৬৬ টাকা বাড়িয়ে দাম এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় চার হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় এক লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৩৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে চার হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে তিন হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের খবর/আরইউ

