ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে সিএফওদের ভূমিকা অপরিহার্য: আইসিএমএবি
বিজনেস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৭:১৯
সংগৃহীত
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রধান আর্থিক কর্মকর্তাদের (সিএফও) কৌশলগত ভূমিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রামের আয়োজন করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর নীলক্ষেতে অবস্থিত আইসিএমএবি ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি: ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সিএফওদের ভূমিকা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এইচএসবিসি বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ইকোনমিক পলিসি গ্রুপের সিনিয়র অর্থনীতিবিদ ড. ধ্রুব শর্মা।
প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিকাশ-এর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মঈন এ. রাগির, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর প্রধান আর্থিক কর্মকর্তা ইলিয়াস আহমেদ এফসিএমএ এবং মারিকো বাংলাদেশ লিমিটেড-এর প্রধান আর্থিক কর্মকর্তা শফিক মুশাররফ এফসিএ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইসিএমএবির কাউন্সিল সদস্য ও প্রফেশনাল ফিমেল এমপাওয়ারমেন্ট কমিটির চেয়ারপারসন জিনিয়া তানজিনা হক এফসিএমএ।
সভাপতির বক্তব্যে আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ বলেন, পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায় টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা এবং শক্তিশালী ও স্থিতিশীল প্রতিষ্ঠান গড়ে তুলতে সিএফওদের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি কৌশলগত আর্থিক নেতৃত্বের মাধ্যমে করপোরেট খাতে দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করা এবং পেশাগত নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধে ড. ধ্রুব শর্মা বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির প্রধান চালিকাশক্তি এবং টেকসই অর্থনৈতিক ও করপোরেট উন্নয়নে সিএফওদের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে বিশদ বিশ্লেষণ উপস্থাপন করেন। তিনি অর্থনৈতিক সংস্কার, দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।
প্রবন্ধ উপস্থাপনার পর অনুষ্ঠিত প্রাণবন্ত প্যানেল আলোচনায় বক্তারা দেশের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন। তাঁরা করপোরেট সুশাসন, আর্থিক স্থিতিশীলতা, মূল্য সংযোজন এবং দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে সিদ্ধান্ত গ্রহণে সিএফওদের কৌশলগত ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেন।
আলোচনা পর্ব সঞ্চালনা করেন আইসিএমএবির কাউন্সিল সদস্য ও প্লেসমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন এফসিএমএ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে আইসিএমএবির সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রধান অতিথি, মূল প্রবন্ধ উপস্থাপক, প্যানেল আলোচক, অংশগ্রহণকারী এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের মূল্যবান অবদান অনুষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন।
বাংলাদেশেরখবর/আরকে

