‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শনে রিহ্যাব নেতারা:
‘মেগা আবাসন প্রকল্পে সরকারের আরও সহযোগিতা প্রয়োজন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৬:৩৩
রিহ্যাব-এর সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের পরিকল্পিত আবাসন প্রকল্প ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
পরিদর্শনকালে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা রিহ্যাব প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান।
রিহ্যাব নেতারা প্রকল্পের বিভিন্ন আধুনিক আবাসন সুবিধা, প্রিমিয়াম গেটেড কমিউনিটি, পরিবেশবান্ধব অবকাঠামো, সবুজায়ন এবং উন্মুক্ত স্থান ঘুরে দেখেন। আন্তর্জাতিক মানের স্থাপত্যশৈলী ও পরিকল্পিত নগরায়ণের সমন্বয় দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, বাংলাদেশের আবাসন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে রূপায়ণ গ্রুপ যে দূরদর্শী উদ্যোগ নিয়েছে, রূপায়ণ সিটি উত্তরা তার উজ্জ্বল দৃষ্টান্ত। পরিকল্পিত ও আধুনিক নগরায়ণে এ ধরনের প্রকল্প দেশের আবাসন খাতকে আরও সমৃদ্ধ করবে।
তিনি বলেন, দেশের ভেতরেই আন্তর্জাতিক মানের এমন আবাসন প্রকল্প গড়ে তোলা সম্ভব—এ বিষয়টি অনেকেরই জানা নেই। তবে এ ধরনের মেগা প্রকল্প বাস্তবায়নে সরকারের আরও সুদৃষ্টি ও সহযোগিতা প্রয়োজন। সরকারি সহায়তা অব্যাহত থাকলে বাংলাদেশের আবাসন শিল্প বিশ্বদরবারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রকল্পটিতে বিভিন্ন দেশের নাগরিক বসবাস করছেন, যা এর নিরাপত্তা ও মানসম্মত পরিবেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। বিদেশি নাগরিকরা সাধারণত নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশকেই বসবাসের জন্য বেছে নেন। সেই বিবেচনায় ‘রূপায়ণ সিটি উত্তরা’ একটি নিরাপদ ও আধুনিক আবাসন প্রকল্প, বলেও যোগ করেন তিনি।
আলোচনা সভায় দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়।
পরিদর্শনে রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ, এ.এফ.এম. ওবায়দুল্লাহ, পরিচালক ড. এন. জোহা, মো. মাহবুবুর রহমান, আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার, ইঞ্জি. মো. মোস্তফা কামাল, এ.জেড.এম. কামরুদ্দিন, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম (অব.), মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মো. এমদাদুল হক, এম. ফখরুল ইসলাম, এ.এস.এম. আব্দুল গফ্ফার মেয়াজী, মো. এমদাদুল হোসেন সোহেল, তাসনোভা মাহবুব সালামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, সাইফ আলী খান অতুল, উপদেষ্টা ক্যাপ্টেন পি. জে. উল্লাহ (অব.) এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশেরখবর/আরকে

