১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৬:২৯
ছবি: সংগৃহীত
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে। ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে ছিল এক হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বছরের আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দামই বাজারে বহাল থাকবে।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে বিশ্ববাজারে এলপিজির দাম উঠানামা করছে।
বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। অভিযোগ আছে, প্রতি সিলিন্ডারে বেশি দাম নিচ্ছেন এলপিজি বিক্রেতারা।
২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত।
এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।
বাংলাদেশের খবর/আরইউ

