দেশের বাজারে এক দিনে স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার টাকা বৃদ্ধির ২৪ ঘণ্টা পর দাম কিছুটা কমেছে। প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় দর সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে জুয়েলার্স সমিতি।
সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সইয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি প্রায় ২০০ ডলার বেড়ে যাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়। তার আগে ৩১ জুলাই স্বর্ণের দাম বেড়েছিল ২ হাজার ২১৬ টাকা।
দাম সমন্বয়ের কারণে আজ থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ক্ষেত্রে দাম কমেছে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা। আর ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা
একইভাবে ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম একই আছে। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। আর ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৬৬৬ টাকা।
বাংলাদেশের খবর/এইচআর

