ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। শনিবার (২২ আগস্ট) ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে পাঁচ হাজার ৪৮২ টাকা বেড়েছে।
আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকাল ১০টায় বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে তা সমন্বয় করা হয়েছে।
সংগঠনটি মূল্যবৃদ্ধির জন্য স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কথা বললেও মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
নতুন করে মূল্যবৃদ্ধির ফলে আজ থেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৬ হাজার ১১০ টাকা; ২১ ক্যারেটের দুই লাখ ৩৫ হাজার ৩০ টাকা; ১৮ ক্যারেটের দুই লাখ এক হাজার ৮৪৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল- ২২ ভরির দাম ভরিপ্রতি দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা; ২১ ক্যারেট দুই লাখ ২৯ হাজার ৭৮১ টাকা; ১৮ ক্যারেট এক লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
এর আগে ২০ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। সেদিন সোনার দাম ভরিতে সর্বোচ্চ তিন হাজার ৮৪৯ টাকা বেড়েছে।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল দুই লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়।
এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের রুপার দাম বেড়েছে ভরিতে ১৭৫ টাকা। এতে এক ভরির রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম বেড়ে হয়েছে ভরিতে পাঁচ হাজার ২৪৯ টাকা।
বাংলাদেশের খবর/আরইউ

