ছবি: সংগৃহীত
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে চার হাজার ২৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এর আগে গত সোমবার (৩১ আগস্ট) সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে চার হাজার ৭২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণ দুই লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়।
সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ১৬ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা চার হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৯১ টাকা।
বাংলাদেশের খবর/আরইউ

