Logo

অর্থনীতি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দিনের শুরুতে তেলের দাম প্রায় এক শতাংশ বেড়েছে। 

আজ গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৮ মিনিট) ব্রেন্ট ক্রুডের দাম ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৫২ ডলারে উঠেছে। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক দুই ডলারে উঠেছে।

মঙ্গলবারও এ দুই অপরিশোধিত তেলের দাম চার ডলারের বেশি বেড়েছে। সেদিন ব্রেন্টের দাম ২৪ জুলাইয়ের পর ও ডব্লিউটিআইয়ের দাম ২৩ জুলাইয়ের পর সবচেয়ে বেশি বেড়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরানও হামলা চালায়। ফলে কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে তারা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার বিষয়ে তথ্য জানিয়েছে। কমান্ড বলেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের ওপর ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সম্প্রতি হামলার চেষ্টা করেছিল। এর পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও সীমিত হয়ে পড়বে। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের পাঁচ ভাগের প্রায় এক ভাগ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে ইরান কার্যত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি বন্ধ করে দিয়েছে।

আইআরজিসির আরও দাবি, তারা জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনের এক মার্কিন ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঢুকে পড়েছিল। তবে এর মধ্যে ১০টি তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে। দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, এসব হামলায় এখন পর্যন্ত মার্কিন সেনা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কুয়েতও জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ড্রোন হামলার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।

সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলার আগে গত সপ্তাহের শেষে দুই পক্ষের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছিল। জুলাইয়ের পর সেটিই ছিল প্রথম বড় ধরনের সংঘর্ষ। এর মধ্যে গত সোমবার হরমুজ প্রণালি ছেড়ে যাওয়া তেলবাহী দুটি জাহাজে হামলা হয়। এতে তেল সরবরাহ আরও ব্যাহত হয়েছে। ব্যবসায়ীরা বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা করছেন।

এদিকে গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ২৬ লাখ ব্যারেল কমেছে। একই সময়ে ডিজেল, হিটিং অয়েলসহ ডিস্টিলেট জ্বালানির মজুত কমেছে দুই লাখ ৬৫ হাজার ব্যারেল। বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য উদ্ধৃত করে এ কথা জানিয়েছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন