পাঁচ শিল্পকারখানা পরিদর্শন করলেন বিসিআইসি’র চেয়ারম্যান বাবুল মিঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৬:৫৫
ছবি: সংগৃহীত
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সদ্য যোগদান করা চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা বিসিআইসির নিয়ন্ত্রণাধীন পাঁচটি শিল্পকারখানা পরিদর্শন করেছেন।
৯ ও ১০ অক্টোবর তিনি টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল), চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং রাঙামাটি জেলার কর্ণফুলী পেপার মিলস লিমিটেড পরিদর্শন করেন।
টিএসপি কমপ্লেক্স লিমিটেড পরিদর্শনকালে KANGDIEN (KD) Wuxi Technology Co. Ltd.-এর চেয়ারপার্সন মিসেস রিতা লুর নেতৃত্বে তিন সদস্যের একটি চীনা প্রতিনিধিদল বিসিআইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রতিনিধিদলটি সফট লোনের মাধ্যমে বাংলাদেশে সারসহ অন্যান্য শিল্পের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।
বিশেষ করে ইউরিয়া সার, ফসফরিক অ্যাসিড প্ল্যান্ট এবং এনপিকেএস (NPKS) সার কারখানা স্থাপনের বিষয়ে কোম্পানির চেয়ারপার্সন মিসেস রিতা লু প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করেন। এ বিষয়ে যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়।
পরিদর্শনকালে বাবুল মিঞা কারখানাগুলোর উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি কারখানাগুলোর উন্নয়ন ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাশাপাশি শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বিসিআইসির চেয়ারম্যান কারখানার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের খবর/আরইউ

