Logo

অর্থনীতি

বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩০

অ
বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় পাওনা টাকা দাবিতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করেছেন শারমীন গ্রুপের চাকুরিচ্যুত শ্রমিকরা। 

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কারখানাটির সামনে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন। তাদের বিক্ষোভের কারণে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। 

বিক্ষোভকারীরা জানিয়েছেন, কারখানার ভিতরে খাবার নিয়ে ঝামেলার পর এটি আন্দোলনে রূপ নেয়। এ ঘটনায় ৪৩০ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয় এবং তাদের পাওনা পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে।

শিল্প পুলিশের মতে, সম্প্রতি মালিক পক্ষের ছেলের বিয়ে উপলক্ষে কারখানায় খাবারের আয়োজনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ঘটনাটি শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে এবং তারা মালিকপক্ষের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কারখানার মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ২৩ ধারায় বেশ কিছু শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং পরবর্তীতে অপরাধ প্রমাণিত হওয়ায় ৪৩০ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়।

শ্রমিকরা দাবি করেছেন, চাকরিচ্যুতির পর তাদের শ্রম আইনের ২৬ ধারায় সকল সুবিধা ও পাওনা পরিশোধের দাবি জানিয়ে সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানিয়েছেন, শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে এবং যানচলাচল স্বাভাবিক হয়েছে। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে রোববার ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে শ্রমিকদের দাবি অনুযায়ী পাওনাদি পরিশোধে রাজি নয় মালিকপক্ষ। ফলে রোববার কোনো সমাধান হয়নি। তাই সোমবার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। আলোচনা চলছে, বিষয়টি দ্রুত সমাধান হবে বলে আশা করছি।

হাসান ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন