মাগুরা গ্রুপকে পরামর্শ সেবা দেবে রহমান অ্যাসোসিয়েটস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯
মাগুরা গ্রুপকে পরামর্শ সেবা প্রদান করবে রহমান হোসেন অ্যাসোসিয়েটস লিমিটেড। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মাগুরা গ্রুপের প্রধান কার্যালয়ে এ লক্ষ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
মাগুরা গ্রুপের পক্ষে কোম্পানি সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান এবং রহমান হোসেন অ্যাসোসিয়েটস লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর আজিজুর রহমান চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, মাগুরা গ্রুপের সিনিয়র ডিরেক্টর (ভ্যাট অ্যান্ড টেক্স) মো. মোবারক হোসেন, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট ডিরেক্টর মো. নাইমুল ইসলাম এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি খোরশেদ আজম সাগর।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রহমান অ্যাসোসিয়েটসের পরিচালক (প্রত্যক্ষ কর) মো. সাইদুর রহমান, পরিচালক (অডিট অ্যান্ড অ্যাসুরেন্স সার্ভিসেস) মো. জিল্লুর রহমান, ভাইস প্রেসিডেন্ট (সচিব ও আইন) মো. সুজা উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, এই চুক্তির প্রেক্ষিতে রহমান অ্যাসোসিয়েটস যে সেবা প্রদান করবে, তাতে মাগুরা গ্রুপের সাচিবিক কার্যক্রমে চাপ কমবে। ফলে সময় বাঁচবে। কোম্পানি তার ব্যবসায়িক উন্নয়নে আরও বেশি মনোনিবেশ করতে পারবে। এতে ব্যবসায়ের প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। লাভ বাড়বে এবং শেয়ার হোল্ডাররা লাভবান হবেন। এই চুক্তি মাগুরা গ্রুপকে দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

