ছবি : বাংলাদেশের খবর
দীর্ঘ এক মাস পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৩৫০ বস্তা ফেলন ডাল নিয়ে একটি ট্রলার কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসেছে। রোববার রাতে রাখাইনের মংডু টাউন থেকে ওই ডাল নিয়ে ট্রলারটি স্থলবন্দরের জেটিতে এসে নোঙর করে।
টেকনাফের স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোট লিমিটেডের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন জানান, রোববার রাতে স্থানীয় ব্যবসায়ী আব্দুস শুক্কুরের কাছে ৩৫০ বস্তা ফেলন ডাল নিয়ে একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে আসে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে আইজিএম জমা দিয়ে মালাগুলো খালাস করা হচ্ছে। খালাসের পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। এর আগের মাসে আরও এক হাজার ৫৬০ বস্তা ফেলন ডাল এসেছিল।
তিনি আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের মধ্যকার বাণিজ্যে। টেকনাফ স্থলবন্দরে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে আমদানি-রপ্তানি।
মিয়ানমারের পরিস্থিতির স্বাভাবিক হলে আগের মত টেকনাফ স্থলবন্দরের আমদানি রফতানি বাড়বে বলে আশা করছেন এ কর্মকর্তা।
টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক উল্লাহ বলেন, মিয়ানমারে আমাদের অনেক টাকার মালামাল আটকে রয়েছে। ব্যবসা-বাণিজ্যে একদম বন্ধ। আশা করছি, দ্রুত মিয়ানমারের অবস্থা স্বাভাবিক হলে টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।
সর্বশেষ মিয়ানমার থেকে গত ৩ ডিসেম্বর টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

