বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের জন্য ৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন মূল্য মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। এ পরিবর্তনের ফলে গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৪৫৯ টাকা হবে, যা আগের মূল্য ১,৪৫৫ টাকার থেকে ৪ টাকা বেশি।
এ ছাড়া বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১.৫৬ টাকা এবং রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম প্রতি লিটার ৬৭.২৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬৬.৭৮ টাকা।
এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৫% ভ্যাট অব্যাহতি তুলে দিয়ে সাড়ে ৭% ভ্যাট নির্ধারণ করা হয় ৯ জানুয়ারি। এতে এলপি গ্যাস খাতটি ১৫% ভ্যাট শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে, যা আগে কম হারের ভ্যাটের আওতায় ছিল।
ডিআর/এমজে

