দুর্বল ব্যাংকে আমানত রাখা টাকা ফেরতের আশ্বাস গভর্নরের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪
দুর্বল ব্যাংকে জমা রাখা টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, জমাকৃত অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
এক প্রশ্নের জবাবে গভর্নর মনসুর বলেন, অতিরিক্ত সুদের প্রলোভনে দুর্বল ব্যাংকে অর্থ রাখার ফলে গ্রাহকরা সমস্যায় পড়েছেন। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে এই সমস্যার সমাধান করবে। তিনি ব্যাংক রেজুলেশন অ্যাক্টের আওতায় কিছু ব্যাংক একীভূত করার পরিকল্পনার কথাও জানান।
এ সময় ফজলুল কাদের বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমে ওভারল্যাপিংয়ের সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এমআরএর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ৩ লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ২৬ শতাংশ বেশি।
গভর্নর মনসুর সরকারের ক্ষুদ্রঋণ কার্যক্রমের যৌক্তিকতা পর্যালোচনার পরামর্শ দেন এবং এ খাতে আরও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এএস/ওএফ

