বেআইনি ড্যাপ সংস্কার ও ইমারত বিধিমালা চূড়ান্তের দাবি রিহ্যাবের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৪
আগামী ১৫ দিনের মধ্যে বেআইনি ড্যাপ (বিশদ অঞ্চল পরিকল্পনা) সংস্কার এবং ইমারত নির্মাণ বিধিমালা চূড়ান্ত করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।
তিনি বলেন, বৈষম্যমূলক ও ক্রটিপূর্ণ ড্যাপ প্রকাশের পর থেকে জমির মালিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। আমরা সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনায় বসেছি, চিঠি দিয়েছি, নতুন প্রস্তাবনা দিয়েছি। তবে দীর্ঘদিন পার হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা সহিষ্ণুতার সঙ্গে কাজ চালিয়ে গেলেও এখন আর ধৈর্য ধরার সুযোগ নেই। আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
নতুন ড্যাপে সমস্যা ও রিহ্যাবের অভিযোগ
সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতৃবৃন্দ অভিযোগ করেন, নতুন ড্যাপে ভবনের আয়তন ও উচ্চতা কমিয়ে দেওয়ায় একের পর এক কৃষি জমি ভরাট হচ্ছে। পাশাপাশি রাজধানীর জলাশয়, ফ্লাড ফ্লো জোন দ্রুত ভরাট হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।
তারা আরও বলেন, নতুন ড্যাপে ২০ ফুট রাস্তা প্রশস্ত করার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হয়েছে, ফলে অপরিকল্পিত নগরায়ণ আরও বেড়ে যাবে।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, নতুন ড্যাপে ঢাকার ৮০ শতাংশ এলাকা অপরিকল্পিতই থেকে যাচ্ছে। ভবন নির্মাণের অনুৎসাহিত নীতির ফলে পুরাতন ও ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো অপরিবর্তিত থাকছে, যা নগরবাসীর জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
আইন লঙ্ঘন ও সাংঘর্ষিক সিদ্ধান্তের অভিযোগ
সংবাদ সম্মেলনে বলা হয়, বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫) প্রণয়নের ক্ষেত্রে মাস্টার প্ল্যান গেজেট প্রকাশের আগেই চূড়ান্ত করা হয়েছে, যা পরিকল্পনা প্রণয়নের মৌলিক মানদণ্ডের পরিপন্থী। তা ছাড়া ২০০০ সালের ৩৬ নম্বর আইনের আওতায় প্লাবনভূমি শ্রেণি বিভাগের ক্ষেত্রে আইনের সংজ্ঞাকে উপেক্ষা করা হয়েছে।
রিহ্যাবের দাবি, এই বেআইনি ও বৈষম্যমূলক ড্যাপ দ্রুত সংস্কার করতে হবে এবং ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএইচএস/বিএইচ

