এক টাকাও রেমিট্যান্স আসেনি ১১ ব্যাংকে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১
ছবি : সংগৃহীত
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবৃদ্ধিতে চাঙ্গা বিভিন্ন ব্যাংক যখন চাঙা, ঠিক উল্টো চিত্র ১১ ব্যাংকে। এই দেশি-বিদেশি ব্যাংকগুলোতে প্রবাসীরা কোনো রেমিট্যান্স পাঠায়নি।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনেই এসেছে ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
এর আগে, জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৯ কোটি ডলার (২.১৯ বিলিয়ন ডলার)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত টানা ছয় মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
জুলাই মাসের মন্দা কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা গত বছরের জুলাই মাসে দেশের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে অনেক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখেন। ফলে ওই সময়ে রেমিট্যান্স প্রবাহে হঠাৎ ধস নামে। তবে, পরবর্তীতে দেশের পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবার চাঙ্গা হতে থাকে রেমিট্যান্স প্রবাহ।
ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৩০ লাখ ডলার এছাড়া দেশি-বিদেশি ১১ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।
ডিসেম্বরে রেকর্ড রেমিট্যান্স ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেশে ইতিহাসের সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলার (২৬৩ কোটি ৯০ লাখ ডলার) রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকার বেশি। এর আগে, ২০২০ সালের জুলাই মাসে ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল পূর্ববর্তী সর্বোচ্চ রেকর্ড। ব্যাংক সংশ্লিষ্টরা জানান, এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব পড়বে।
এএইচএস/এমআই

