Logo

অর্থনীতি

কাঁচাপাট রপ্তানিকারকদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৫

অ
কাঁচাপাট রপ্তানিকারকদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণে বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন নীতি ঘোষণা করেছে। এখন থেকে ২ শতাংশ ডাউনপেমেন্টে এসব রপ্তানিকারকদের ঋণ ২ বছরের জন্য স্থগিত করা যাবে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কাঁচাপাট রপ্তানিকারকগণের বিরাজমান সমস্যা সমাধানের সরকার কর্তৃক এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট নিয়ে পুনরায় ২ বছরের মরাটরিয়াম সুবিধা প্রদান করা যাবে। এক্ষেত্রে, গ্রাহকের ৩১ মার্চ ২০২৪ তারিখ ভিত্তিক বিদ্যমান ঋণ স্থিতি বিবেচনায় নিতে হবে। এছাড়া অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২২ সালের জুনেও এই ধরনের সুবিধা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। একই সুবিধা আবারও দিয়েছে আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

গত ১০ ফেব্রুয়ারি বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে বিদ্যমান সকল পাটকল চালু রাখতে বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন পাটের প্রয়োজন কিন্তু দেশে পাটের উৎপাদন কেবল ১২ লাখ মেট্রিক টন। উপরন্তু সারাবিশ্বে বার্ষিক পাটের উৎপাদন মাত্র ২৫ লাখ মেট্রিক টন। সেক্ষেত্রে কেবল পাট দিয়ে এতগুলো প্রতিষ্ঠান চালু রাখা বাস্তবসম্মত নয়। তাই পাটকলগুলো বেসরকারি খাতে লিজ প্রদানের শর্ত শিথিল করে পাটভিত্তিক শিল্পের পাশাপাশি অন্য শিল্প কারখানা স্থাপনের সুযোগ রাখা হচ্ছে।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন