সোনার বাজারে উত্তাপ, ভরিপ্রতি দেড় লাখ ছাড়াল
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০১
সোনার ভরি দেড় লাখ টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে। প্রতি ভরি ভালো মানের সোনা (২২ ক্যারেট) এক লাখ ৫১ হাজার ২৮২ টাকায় উঠেছে। নতুন করে ভরিপ্রতি এক হাজার ৪৭০ টাকা বেড়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৪ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি ও ১০ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। এছাড়া জানুয়ারি মাসেও তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সে হিসেবে চলতি বছর সাত বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।
- ডিআর/ওএফ

