Logo

শিক্ষা

রমজানজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশ

Icon

প্রাথমিক শিক্ষা ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৮

রমজানজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশ

পবিত্র রমজান মাসব্যাপী দেশের সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাসে এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্তে উপনীত হন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। গত ৫ জানুয়ারি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে আইনি নোটিশ পাঠান। নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট দায়ের করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রতিষ্ঠিত প্রথা বিদ্যমান। সংবিধানের ৩১ অনুচ্ছেদে ‘আইন ব্যতীত কিছুই করা যাবে না’- এই বিধান এবং অনুচ্ছেদ ১৫২(১)-এ ‘আইন’ শব্দের ব্যাখ্যার আলোকে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলা হয়।

এছাড়া নোটিশে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সারাদিন ক্লাস ও যাতায়াতের কারণে রোজা রাখতে শারীরিকভাবে কষ্টের সম্মুখীন হতে পারে, যা ধর্মীয় অনুশীলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। রমজান মাসে স্কুল চালু থাকলে শহরাঞ্চলে যানজট বৃদ্ধির সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।

হাইকোর্টের আদেশের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে। আদালতের এই সিদ্ধান্তে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ধর্মীয় অনুশীলনের প্রতি সহায়ক হিসেবে দেখছেন, আবার কেউ শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, আদালতের নির্দেশনার আলোকে শিক্ষাবর্ষের ক্যালেন্ডার ও মূল্যায়ন পদ্ধতিতে প্রয়োজনীয় সমন্বয় আনতে হবে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘমেয়াদি কোনো প্রভাব না পড়ে।

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর