মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকা স্কুল চিহ্নিত করছে মাউশি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৯:৩৩
সংগৃহীত
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণে তৎপরতা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। যেসব প্রতিষ্ঠানে এখনো এ সুবিধা নেই, সেগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জারি করা এক নির্দেশনায় মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান অবস্থা জানতে জরুরি ভিত্তিতে তথ্য চাওয়া হয়েছে। এজন্য নির্দিষ্ট ফরম্যাটে তথ্য পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
নির্দেশনা অনুযায়ী, বিদ্যালয়গুলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সংখ্যা, কম্পিউটার ল্যাবের অবস্থা, কম্পিউটারের সংখ্যা, আইসিটি বিষয়ের কার্যক্রম এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের তথ্য বিস্তারিতভাবে জানাতে হবে। পাশাপাশি বিদ্যমান সুবিধা সচল নাকি অচল- তাও উল্লেখ করতে হবে।
মাউশি জানিয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে এসব তথ্য সংশ্লিষ্ট উপপরিচালকের দপ্তরে পাঠাতে হবে। সরাসরি অধিদপ্তরে তথ্য পাঠানোর প্রয়োজন নেই বলেও স্পষ্ট করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশের মাধ্যমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়া সহজ হবে।
বাংলাদেশেরখবর/আরকে

