Logo

শিক্ষা

হিট প্রকল্পে উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তনের আশা: ইউজিসি চেয়ারম্যান

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:৩০

হিট প্রকল্পে উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তনের আশা: ইউজিসি চেয়ারম্যান

সংগৃহীত

দেশের উচ্চশিক্ষা খাতে বড় ধরনের ইতিবাচক রূপান্তরের সম্ভাবনা তৈরি করেছে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এমন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, স্বচ্ছতা ও সময়নিষ্ঠার সঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কপিরাইটস ভবনে হিট প্রকল্প কার্যালয় পরিদর্শন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা খাতের বিভিন্ন কাঠামোগত সমস্যার সমাধানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্পের বিভিন্ন কম্পোনেন্ট সরকারের উচ্চশিক্ষা বিষয়ক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় অতিরিক্ত উদ্যোগ বা অর্থায়নের প্রয়োজন হবে না; বরং সরকারের সহযোগিতা আরও জোরদার হবে।

তিনি আরও বলেন, “শুধু অর্থ ব্যয় করাই প্রকল্পের লক্ষ্য নয়; বরং তা যেন উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং মানুষের কল্যাণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলে, সেটি নিশ্চিত করতে হবে।”

গবেষণা প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, আইনগত কাঠামো ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্টদের সামাজিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে ৫০ দশমিক ৯৬ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার এবং বাকি ৪৯ দশমিক ৪ শতাংশ অর্থ দেবে বিশ্বব্যাংক।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন