২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: সংসদে শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৩
দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদকে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি গ্রামে এখনও প্রাথমিক বিদ্যালয় নেই।
মন্ত্রী সংসদে বিভাগওয়ারি বিদ্যালয়বিহীন গ্রামের পরিসংখ্যান তুলে ধরে বলেন, সারাদেশে প্রাথমিক বিদ্যালয়বিহীন গ্রামের মোট সংখ্যা ২ হাজার ৮৪৭টি।
এতে দেখা যায়, সবচেয়ে বেশি বিদ্যালয়বিহীন গ্রাম রয়েছে চট্টগ্রাম বিভাগে এবং সবচেয়ে কম রংপুর বিভাগে।
বিভাগওয়ারি পরিসংখ্যান হলো: চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, ঢাকা বিভাগে ৭১৭টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনা বিভাগে ৩৪৯টি, ময়মনসিংহ বিভাগে ২৬৬টি, সিলেট বিভাগে ২৬০টি, বরিশাল বিভাগে ৪৫টি এবং রংপুর বিভাগে ৩৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।
বিদ্যালয়বিহীন এসব গ্রামে নতুন স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে এবং বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও এ সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

