এক জেলার খাতা অন্য জেলায় মূল্যায়ন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নতুন নির্দেশনা
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৬
সংগৃহীত
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, প্রেরণ ও মূল্যায়ন নিয়ে বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, এক জেলার পরীক্ষার খাতা অন্য জেলায় পাঠিয়ে মূল্যায়ন করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিনের পরীক্ষা শেষে উত্তরপত্র নিরাপত্তা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করতে হবে। সব পরীক্ষা শেষ হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলা থেকে জেলা পর্যায়ে খাতা পাঠানো হবে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষা হবে ১৭ থেকে ২০ এপ্রিল।
পরীক্ষা শেষে চারটি বিষয়ের সব উত্তরপত্র একত্রে উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে। ৬১ জেলার ক্ষেত্রে এ কাজ শেষ করতে হবে ১৯ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য জেলাগুলোর জন্য সময়সীমা ২১ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া বিভাগীয় উপপরিচালকদের ১৮ এপ্রিলের মধ্যে এক জেলার খাতা অন্য জেলায় পাঠানোর জন্য অফিস আদেশ জারি করতে বলা হয়েছে। এরপর ৬১ জেলার উত্তরপত্র ২০ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য জেলার খাতা ২২ এপ্রিলের মধ্যে নির্ধারিত জেলায় পৌঁছাতে হবে। এ দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ইংরেজি ভার্সনের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্ধারিত নীতিমালা ও সময়সূচি মেনে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

