Logo

শিক্ষা

২০২৮ সালের মধ্যে ১ লাখ শিক্ষার্থীকে সফট স্কিল প্রশিক্ষণ দেবে ইউজিসি

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:০৭

২০২৮ সালের মধ্যে ১ লাখ শিক্ষার্থীকে সফট স্কিল প্রশিক্ষণ দেবে ইউজিসি

সংগৃহীত

হিট প্রকল্পের আওতায় ২০২৮ সালের মধ্যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ১ লাখ শিক্ষার্থীকে সফট স্কিলস, নৈতিকতা এবং মূল্যবোধ চর্চা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

তিনি বলেছেন, এ জন্য সংশোধিত ডিপিপিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরও এতে অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) ইউজিসি ভবনে হিট প্রকল্পের ডিপিপি সংশোধন বিষয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।  

ইউজিসি চেয়ারম্যান বলেন, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন গবেষণা উপপ্রকল্পসমূহ নিবিড়ভাবে তদারকি করতে হবে। উপপ্রকল্প বাস্তবায়নের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রকল্প ও সরকারি বিধি-বিধান অনুসারে যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনতে হবে। প্রয়োজনে এ বিষয়ে প্রকল্পের ডিপিপিতে প্রয়োজনীয় বিধান সংযোজন করতে হব।

তিনি বলেন, শিক্ষার্থীদের সফট স্কিলস, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক প্রশিক্ষণ কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা খাতে আমূল পরিবর্তন আসবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অভ্যন্তরীণ ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করা গেলে নতুন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে। 

প্রফেসর ড. মামুন আহমেদ আরও জানান, সংশোধিত ডিপিপিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ডেস্ক চালু, দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী-শিক্ষক বিনিময় কার্যক্রম সম্প্রসারণ, ভার্চুয়াল পাঠদান প্ল্যাটফর্ম গড়ে তোলা, সব বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সেন্টার এবং অ্যালামনাই অফিস প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হবে।     

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. সরদার মো. কেরামত আলী, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানসহ শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, হিট প্রকল্প, বিডিরেনসহ বিশ্বব্যাংক কর্মকর্তারা।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন