ক্লাস শুরুর আগেই ১১ হাজার গাছ লাগাবেন মেডিকেল শিক্ষার্থীরা
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৯:৪৫
সংগৃহীত
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে রোববার (৩ মে)। আর এই আয়োজন শুরুর আগেই দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন। এতে ক্লাসে বসার আগেই ১১ হাজারের বেশি গাছ লাগানো হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মে সকাল ৯টায় দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একযোগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন।
জানা গেছে, দেশের ১১২টি মেডিকেল কলেজ কেন্দ্রীয় অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেবে। এতে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১১ হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত থাকবেন। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট কলেজগুলো নিজস্ব ব্যবস্থাপনায় ওরিয়েন্টেশন সম্পন্ন করবে।
একই দিনে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছের চারা রোপণ করবেন। ফলে সারাদেশে একদিনেই ১১ হাজারের বেশি বৃক্ষরোপণ সম্পন্ন হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় এক লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ১০০ জন এবং ৭৫টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ২৭৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বাংলাদেশেরখবর/আরকে

