Logo

শিক্ষা

প্রতিটি উপজেলায় হবে মাল্টিপারপাস এক্সামিনেশন হল: শিক্ষামন্ত্রী

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৯:২৬

প্রতিটি উপজেলায় হবে মাল্টিপারপাস এক্সামিনেশন হল: শিক্ষামন্ত্রী

সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) পক্ষ থেকে পরীক্ষার হল ও খেলাধুলার মাঠের অভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে, আর সরকার এসব সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসিরা জানিয়েছেন অনেক উপজেলায় পরীক্ষার জন্য উপযুক্ত হল নেই, খেলাধুলার মাঠও সংকট রয়েছে। এ কারণে সরকার প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখন শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, আনন্দঘন পরিবেশে পড়াশোনা করতে চায়। সে বিষয়টি সরকার গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা ভাবনায়ও বিষয়টি রয়েছে।

মন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করতে ‘লার্নিং উইথ জয়’, পাঠ্যক্রম উন্নয়ন, মিডডে মিল চালুসহ নানা উদ্যোগ সরকারের কর্মপরিকল্পনায় রয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ৪৬টি উদ্যোগের মধ্যে ২৯টি প্রকল্প সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট।

ডিসিদের দেওয়া প্রস্তাবগুলোর প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, তাদের প্রতিটি প্রস্তাবই গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত। অতীতে এসব প্রস্তাব এলেও যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই এসব বিষয়কে অগ্রাধিকার এজেন্ডায় রেখেছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন