বাংলাদেশে শাখা ক্যাম্পাস খুলতে আগ্রহী অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৮:২৯
সংগৃহীত
বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার স্বনামধন্য ইউনিভার্সিটি অব ক্যানবেরা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়টির একটি আট সদস্যের প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে তারা বাংলাদেশে একটি শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠার সম্ভাবনা তুলে ধরেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাসান উজ জামান। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর মাইকেল লিংকন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (অ্যাকাডেমিক) ড. ফিওনা রিচার্ডসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যদিকে ইউজিসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
বৈঠকে বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে শাখা ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দলটি জানায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষার্থীরা নিজ দেশেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব দেশের উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে গবেষণা, কর্মসংস্থান এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশেরখবর/আরকে

