পিএইচডি গবেষকদের জন্য ফেলোশিপ ও বৃত্তি, আবেদন ১১ জুন পর্যন্ত
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৮:২৭
সংগৃহীত
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি গবেষকদের জন্য ফেলোশিপ ও বৃত্তির সুযোগ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
-এর আওতায় ২০২৬–২৭ অর্থবছরের জন্য এ ফেলোশিপ ও বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’-এর আলোকে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ মে থেকে এবং নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর শিক্ষাজীবনে অন্তত দুটি প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে উত্তীর্ণদের ক্ষেত্রে ৫ স্কেলে ন্যূনতম ৩ দশমিক ৫০ এবং ৪ স্কেলে ন্যূনতম ৩ দশমিক ০০ থাকতে হবে। এছাড়া ফেলোশিপের জন্য আবেদন জমার তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, পিএইচডি কোর্সে ভর্তি বা রেজিস্ট্রেশনের কপি, বাংলা অথবা ইংরেজিতে গবেষণা প্রস্তাবনা (সিনোপসিস), বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র অনলাইনে আপলোড করতে হবে। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের কপিও সংযুক্ত করতে হবে।
এ ছাড়া অনলাইনে পূরণ করা আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই সেট আবেদন শেষ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের ঠিকানা—প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নম্বর-৪৪, সড়ক নম্বর-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
ফেলোশিপ ও বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলাদেশেরখবর/আরকে

