Logo

শিক্ষা

ইসলামি শিক্ষা বাধ্যতামূলকসহ ১৮ দফা দাবি কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৭:৫১

ইসলামি শিক্ষা বাধ্যতামূলকসহ ১৮ দফা দাবি কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের

সংগৃহীত

সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাতিল করে ‘ইসলামি প্রজাতন্ত্র বাংলাদেশ’ প্রতিষ্ঠা এবং সাধারণ শিক্ষার সব স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ। একই সঙ্গে কওমি শিক্ষার স্বকীয়তা রক্ষাসহ ১৮ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, সহ-সভাপতি আব্দুল বাসেত খান, আলী আজম বি.বাড়িয়া, মহাসচিব মুস্তাকীম বিল্লাহ হামিদী, মেরাজুল হক মাযহারী এবং সাংগঠনিক সম্পাদক দ্বীন মুহাম্মদ আশরাফ প্রমুখ।

সংগঠনটির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য সংবিধানে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তার ভাষ্য অনুযায়ী, ১৯৭২ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র সংযোজন জনগণের প্রত্যাশার প্রতিফলন ছিল না। তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে বাংলাদেশে ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষাকে প্রান্তিক করে রাখা হয়েছে। ধর্মীয় শিক্ষার অভাবে নতুন প্রজন্ম দ্বীনি জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসা শিক্ষার স্বাধীনতা ও বিশেষায়িত চরিত্র অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারার শিক্ষার সঙ্গে একীভূত করার যেকোনো উদ্যোগ বন্ধের দাবি জানানো হয়। সংগঠনের নেতারা বলেন, সংস্কারের নামে কওমি শিক্ষার স্বকীয়তা নষ্টের চেষ্টা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের শীর্ষ আলেম ও কওমি বোর্ডগুলোর মতামত নেওয়া জরুরি।

১৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— সংবিধান সংশোধনের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা, সব স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা, ইসলামি সংস্কৃতি সংরক্ষণে সাংবিধানিক সংশোধন, ধর্ম অবমাননাবিরোধী আইন প্রণয়ন, শরিয়াহ আদালত প্রতিষ্ঠা, কওমি মাদ্রাসার আইনি সুরক্ষা নিশ্চিত করা, কওমি মাদ্রাসার দান-অনুদান আয়করমুক্ত রাখা, শিক্ষা কমিশন ও জাতীয় শিক্ষাক্রম বোর্ডে কওমি আলেমদের অন্তর্ভুক্তি, অশ্লীলতা ও মাদকাসক্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন