Logo

শিক্ষা

উচ্চশিক্ষায় বাংলাদেশিদের পছন্দের গন্তব্য মালয়েশিয়া, অধ্যয়নরত ১১৪০১ জন

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৯:৪৯

উচ্চশিক্ষায় বাংলাদেশিদের পছন্দের গন্তব্য মালয়েশিয়া, অধ্যয়নরত ১১৪০১ জন

সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে মালয়েশিয়া। বর্তমানে দেশটির বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন ১১৪০১ জন বাংলাদেশি শিক্ষার্থী। দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সংখ্যার বিচারে বাংলাদেশিদের অবস্থান এখন তৃতীয়।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্কিং বিষয়ক এক যৌথ সভায় এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওথমান।

রাষ্ট্রদূত সুহাদা ওথমান বলেন, হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এটি মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসম্পন্ন শিক্ষা, তুলনামূলক সাশ্রয়ী ব্যয় এবং নিরাপদ ও বহুসাংস্কৃতিক পরিবেশের কারণে মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে।

তিনি বলেন, শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়; এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি, দেশগুলোর মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা এবং টেকসই সমৃদ্ধির পথ প্রশস্ত করার একটি শক্তিশালী হাতিয়ার। বাংলাদেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী এবং মানবসম্পদ উন্নয়নে দেশটির ক্রমবর্ধমান গুরুত্বারোপ দুই দেশের উচ্চশিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা এবং একাডেমিক এক্সচেঞ্জের ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে।

সুহাদা ওথমান বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় দেশের তরুণ প্রজন্মই এ অঞ্চলের ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সেই ভবিষ্যৎ নির্মাণের জন্য শিক্ষা হচ্ছে সর্বোত্তম বিনিয়োগ। মালেশিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ১১ হাজার ৪০১ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। সংখ্যার বিচারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান তৃতীয়। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গবেষণায় যৌথ সহযোগিতা, শিক্ষার্থীদের জন্য বৃত্তি সহায়তা, উচ্চশিক্ষা-সংক্রান্ত তথ্য বিনিময় এবং শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ইউজিসির পরিচালক, রেজিস্ট্রার, আন্তর্জাতিক সহযোগিতা ডেস্কের পরিচালক, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন