গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, আলোচনায় ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৯:১৬
সংগৃহীত
ড. আ ন ম এহছানুল হক মিলন লন্ডনে প্রযুক্তি জায়ান্ট গুগল–এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দেশের শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নে গুগলের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২০ মে) এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬–এর ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে গুগলের পক্ষে উপস্থিত ছিলেন গুগল ফর এডুকেশনের ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মার্সন এবং অলি ট্রুসেল।
বৈঠকে বিভিন্ন দেশে প্রযুক্তিনির্ভর শিক্ষা উন্নয়নে গুগলের চলমান কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা খাত আধুনিকায়নের পরিকল্পনা নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।
বিশেষ করে শিক্ষকদের হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দিতে সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নে গুগল কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে মতবিনিময় হয়। সরকারের শিক্ষা লক্ষ্য অর্জনে প্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
এদিকে একই দিন শিক্ষামন্ত্রী প্রফেসর স্যার স্টিভ স্মিথ আয়োজিত একটি বিশেষ উচ্চপর্যায়ের অধিবেশনেও অংশ নেন। অধিবেশনটিতে অনানুষ্ঠানিক শিক্ষা এবং জীবন দক্ষতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স এডওয়ার্ড।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬–এ অংশ নেওয়া শতাধিক দেশের শিক্ষামন্ত্রীর মধ্য থেকে নির্বাচিত ১৪ জন শিক্ষামন্ত্রীকে ওই বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়।
বাংলাদেশেরখবর/আরকে

