খেলাধুলা এবার পাঠ্যক্রমে, সব স্কুলে চালু হচ্ছে মিড-ডে মিল: শিক্ষামন্ত্রী
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৯:৪২
সংগৃহীত
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় এটিকে জাতীয় শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিশুদের আনন্দময় ও কার্যকর শিক্ষা নিশ্চিত করতে সরকার ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণাকে অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, দেশের সব শিশুর জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের পুষ্টি নিশ্চিত ও শিক্ষায় মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই দেশের সব স্কুলে এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের শারীরিক সক্ষমতা ও নেতৃত্বগুণ বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেই সুযোগ আরও বিস্তৃত করবে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বালক ও বালিকা বিভাগ মিলিয়ে প্রায় ২২ লাখেরও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল নিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

