সংগৃহীত
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন)বিশ্ববিদ্যালয়ের সিআইইউ এআই সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘এআই সেফটি অ্যাস্যুরেন্স’ শীর্ষক এই সেমিনারের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের এআই বিজ্ঞানী ড. আবুল হাসান। তিনি তাঁর বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা, নির্ভরযোগ্যতা, ঝুঁকি ব্যবস্থাপনা, নৈতিক ব্যবহার এবং এআই অ্যাস্যুরেন্স ফ্রেমওয়ার্কের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নিরাপদ ও দায়িত্বশীল এআই প্রযুক্তি উন্নয়নে বৈশ্বিক গবেষণার বর্তমান ধারা এবং বাস্তব চ্যালেঞ্জ নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষার্থী সায়মা সাদিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন সিআইইউ এআই সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক ড. সাজ্জাতুল ইসলাম। সমাপনী বক্তব্যে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভারপ্রাপ্ত ডিন ড. রুবেল সেন গুপ্ত এআই প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও ভবিষ্যতমুখী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা এআই নিরাপত্তা, নৈতিকতা এবং ভবিষ্যৎ প্রয়োগ নিয়ে নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। প্রধান বক্তা এসব প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদান করেন।
আয়োজকরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্ভাবনকে উৎসাহিত করতে সিআইইউ এআই সেন্টার ভবিষ্যতেও নিয়মিতভাবে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন অব্যাহত রাখবে।
বাংলাদেশেরখবর/আরকে

