সংগৃহীত
গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রথম পর্যায়ের সাবজেক্ট চয়েসের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে মনোনীত শিক্ষার্থীদের জন্য আগামী ৭ জুন থেকে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হবে।
শনিবার (৬ জুন) গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনীত শিক্ষার্থীদের ৭ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে ৫ হাজার টাকা ভর্তি ফি পরিশোধের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক ভর্তি সম্পন্নকারী শিক্ষার্থীদের ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসহ নির্ধারিত নথিপত্র জমা দিতে হবে এবং কাগজপত্রে আবেদনকারীর জিএসটি রোল নম্বর উল্লেখ করতে হবে।
ভর্তি প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনায় বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মনোনীত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে পরবর্তীতে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। একইভাবে, প্রাথমিক ভর্তি বাতিল করলে ভবিষ্যতে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যও বিবেচিত হবেন না শিক্ষার্থীরা।
এ ছাড়া মাইগ্রেশন প্রক্রিয়া চালু থাকাকালে কোনো শিক্ষার্থী যদি নির্দিষ্ট বিভাগে ভর্তি স্থায়ী বা ‘স্টপ মাইগ্রেশন’ করেন, তাহলে তিনি আর স্বয়ংক্রিয় মাইগ্রেশনের সুবিধা পাবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং অনলাইন ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
বাংলাদেশেরখবর/আরকে

