Logo

শিক্ষা

তুরস্কের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন চায় বাংলাদেশ

Icon

এনএসএস

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৭:০০

তুরস্কের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন চায় বাংলাদেশ

সংগৃহীত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে যৌথ উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

রোববার (৭ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজান-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবান্ধব অবকাঠামো নির্মাণ এবং শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে তুরস্ক যে অগ্রগতি অর্জন করেছে, বাংলাদেশও ভবিষ্যতে সেই পর্যায়ে পৌঁছানোর প্রত্যাশা রাখে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি এবং সমস্যা সমাধানমূলক দক্ষতার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি আধুনিক ও কার্যকর প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন শিক্ষার্থী ১০ বছর বয়সে মাধ্যমিক পর্যায়ে প্রবেশের সময় বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি অর্জন করবে।

প্রতিমন্ত্রী জানান, সরকার বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ, নতুন শিক্ষাক্রম প্রণয়ন, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা প্রশাসন, কারিকুলাম উন্নয়ন, অবকাঠামো পরিকল্পনা এবং নন-ফরমাল শিক্ষা বিষয়ে জ্ঞান বিনিময় কার্যক্রমও পরিচালিত হচ্ছে। তুরস্কের সঙ্গেও এ ধরনের সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তিনি।

এ সময় ড. আলি এরজান বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনা শিক্ষার গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তাঁর উদ্যোগগুলো দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তা, মডেল স্কুল উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবান্ধব অবকাঠামো নির্মাণ এবং জাতীয় শিক্ষা দর্শন ও পেডাগজিক্যাল পদ্ধতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎ শেষে শিক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয়পক্ষ।

বাংলাদেশেরখবর/আরকে


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন