বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে জাতীয় সম্মেলন আয়োজনের চুক্তি
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৯:১৮
সংগৃহীত
দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর বিজ্ঞান শিক্ষার প্রসারের লক্ষ্যে ‘ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স’ কনফারেন্স ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিপটি) যৌথভাবে একটি সমঝোতা চুক্তি (টার্মস অব রেফারেন্স-টিওআর) স্বাক্ষর করেছে।
রাজধানীর ডিপটি কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ডিপটি ও স্কিলস অ্যান্ড ইকোসিস্টেমসের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এইচআরডিআই-এর সহকারী পরিচালক আমির হামজা এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৫০ জন মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষককে নিয়ে এই জাতীয় সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনটি বিজ্ঞান শিক্ষকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবেন।
সম্মেলনে অনুসন্ধানভিত্তিক (ইনকোয়ারি-বেইজড) শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তিনির্ভর বিজ্ঞান শিক্ষা, ডিজিটাল লার্নিং টুলসের ব্যবহার, বিজ্ঞান ক্লাব কার্যক্রম সম্প্রসারণ, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের বিজ্ঞান শিক্ষকদের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি ‘ন্যাশনাল সায়েন্স টিচার্স নেটওয়ার্ক’ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
আয়োজকরা মনে করেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং বিজ্ঞান শিক্ষার আধুনিকায়নের কোনো বিকল্প নেই। এই সম্মেলন শিক্ষকদের নতুন জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবক, গবেষক ও সমস্যা সমাধানকারী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স’ কনফারেন্স ২০২৬’ বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী করে তুলতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশেরখবর/আরকে

