স্বপ্নের যাত্রা শুরু: প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি কার্যক্রম শুরু
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৭:৪০
সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দুইটি বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় পছন্দক্রম ও মেধাক্রমের ভিত্তিতে এ, বি ও সি ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ভর্তি কার্যক্রম ৭ জুন দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের GST-এর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।
অনলাইন প্রক্রিয়ার পাশাপাশি আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদসহ একটি A4 সাইজের খামে নিজের নাম ও GST রোল নম্বর উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ে সশরীরে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ, বি ও সি ইউনিটের শিক্ষার্থীরা ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের (তৃতীয় তলা) ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।
কাগজপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ বা জমাদানের রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এই রশিদ প্রদর্শন বাধ্যতামূলক হবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, “বিভাগপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর খুব দ্রুতই শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।”
নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পদচারণায় নওগাঁ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিক একাডেমিক যাত্রার অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বাংলাদেশেরখবর/আরকে

