উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে ইউল্যাব-এসিইউর মতবিনিময়
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৯:৩১
সংগৃহীত
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) ইউল্যাবের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ বৈঠকে এসিইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক কলিন রিওর্ডান। প্রতিনিধি দলে আরও ছিলেন সদস্যপদ, কর্মসূচি ও উন্নয়ন বিভাগের দক্ষিণ এশিয়া অঞ্চলের সদস্যসম্পৃক্ততা প্রধান ইকিতা পোখরনা।
বৈঠকে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ইউল্যাব ও এসিইউর বিদ্যমান সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে একাডেমিক অংশীদারত্ব, গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষার মানোন্নয়নে যৌথ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনায় উভয় পক্ষই বৈশ্বিক জ্ঞান বিনিময় ও উচ্চশিক্ষার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ প্রসঙ্গে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের সঙ্গে এই সম্পৃক্ততা ইউল্যাবের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, এসিইউর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা আমাদের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং উচ্চশিক্ষা ও বৈশ্বিক জ্ঞান বিনিময়ে ইউল্যাবের অবদানকে আরও সমৃদ্ধ করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক ইউল্যাবের আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বৈশ্বিক উচ্চশিক্ষা নেটওয়ার্কে বিশ্ববিদ্যালয়টির অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশেরখবর/আরকে

