Logo

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৯:০৪

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল

খুদে খেলোয়াড়দের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশসেরা হওয়ার লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬’-এর শিরোপা জিতেছে বরিশাল বিভাগের প্রতিনিধি দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। জমজমাট ফাইনালে ময়মনসিংহ বিভাগের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুদে ফুটবলাররা।

শনিবার (২০ জুন) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। আক্রমণ-প্রতিআক্রমণে উত্তেজনাপূর্ণ ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করে বরিশালের প্রতিনিধিরা। সেই গোলের ব্যবধান ধরে রেখেই শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়, কোচ ও সমর্থকরা।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি খুদে ফুটবলারদের অভিনন্দন জানান এবং দেশের ক্রীড়াঙ্গনে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এর আগে দুপুরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।

আয়োজক ও অতিথিরা বলেন, তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে এবং ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে এই টুর্নামেন্ট কার্যকর ভূমিকা পালন করবে।

এদিকে শিরোপা জয়ের খবরে বাকেরগঞ্জ উপজেলাসহ পুরো বরিশাল বিভাগে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক এই সাফল্যের জন্য দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রাথমিক স্তরের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার এবারের আসরের পর্দা নামে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন